EN ☀️
×

Follow Us

রাজনীতি

লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রী

জামায়াত-এনসিপির বক্তব্যে আশাবাদী হওয়া যাচ্ছে না

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম

জামায়াত-এনসিপির বক্তব্যে আশাবাদী হওয়া যাচ্ছে না

পানিসম্পমদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

অ অ

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদের বাইরে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেসব বক্তব্য দিচ্ছে, সেগুলোতে দেশপ্রেম ও রাজনৈতিক পরিপক্বতার প্রত্যাশিত প্রতিফলন দেখা যাচ্ছে না।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৭০ জন নতুন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বক্তব্য উপস্থাপন করা প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব। দেশের ও জনগণের স্বার্থকে সামনে রেখে বক্তব্য দেওয়া উচিত। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ দেওয়া হয়েছিল, আর দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য রাখছেন। তবে সংসদের বাইরে বিভিন্ন সভা-সমাবেশে দেশপ্রেম ও রাজনৈতিক পরিপক্বতার যে বার্তা উঠে আসা প্রয়োজন, তা দেখা যাচ্ছে না। এ কারণে আশাবাদী হওয়া যাচ্ছে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনীতি থেকে দেশ কী পাবে, তারা কী দিচ্ছে এবং ভবিষ্যতে কী প্রত্যাশা করা যায়—এ বিষয়ে জনগণ যথেষ্ট সচেতন। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশপ্রেম, সমাজের কল্যাণ এবং বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। সেখান থেকেই জনগণের সেবা, সম্মান, শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটবে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের মানুষ অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তবে বিএনপির নেতাকর্মীদের প্রতি দলের নির্দেশনা হলো—কোনো বক্তব্য বা আচরণে যেন কেউ আহত না হন। অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

নবীন আইনজীবীদের উদ্দেশে এ্যানি বলেন, প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজয় মেনে নেন না বা পিছিয়ে যান না। নতুন বাংলাদেশ গড়তে আইনজীবীদেরও সাহস, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখতে হবে।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন