EN ☀️
×

Follow Us

রাজনীতি

আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে: ইকবাল হাসান মাহমুদ

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে: ইকবাল হাসান মাহমুদ
অ অ

আওয়ামী লীগ দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ইতিহাস কখনও স্থায়ীভাবে বিকৃত করা যায় না।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার মম ইন হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‌‘উত্তরাঞ্চলের ৫টি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থা। এতে বক্তারা উত্তরাঞ্চলের জেলাগুলোর অতীত বৈষম্য দূর করে নতুন করে টেকসই ও সুষম উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিগত সরকারের রাজনৈতিক বৈষম্যের কারণে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলা উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার এই ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে দিনরাত কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন।

তিনি আরও জানান, দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে সারাদেশে সোলার প্যানেল ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সেমিনারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, অতীতে মেধা থাকা সত্ত্বেও রাজনৈতিক বৈষম্যের কারণে উত্তরাঞ্চলের কর্মকর্তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার এবার সব বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে।

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার সভাপতি ড. সিএম ইদরিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মতিউর রহমান।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা অঞ্চলের বেশ কয়েকজন সংসদ সদস্য, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্থানীয় বিভিন্ন প্রশাসনিক ও জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন