এরশাদের স্মরণে রাজধানীতে শোকসভা
অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমরা ভুল করেছি। আমরা অর্থনৈতিক উন্নতির দিকে গিয়েছি। কিন্তু মানবাধিকারে উন্নতি করতে পারি নাই। আর ভুল নয়। আমাদের বৈষম্য দূর করতে হবে।দেশ ও জাতির কল্যাণে সব প্রতিহিংসা, জিঘাংসা দূর করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। গুলশানের ইমানুয়েল কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা আয়োজন করা হয়।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, স্বাধীনতার পক্ষে, বিপক্ষে এই বিতর্ক আমরা চাই না। ৭১ ছাড়া বাংলাদেশ চলবে না। যে সংসদে আপনারা বসেছেন, কথা বলছেন এটা বাংলাদেশের সংসদ। সরকারকে বলতে চাই, আপনারা সময় বেশি পাবেন না যদি জনগণ যা চায় তা না করেন। আপনারা বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে সংসদে এসেছেন। সেই বৈষম্য আপনাদের দূর করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র কো- চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, লেবার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় ইসলামি মহাজোট চেয়ারম্যান আবু নাসের মো. ওহেদ ফারুক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আকতার, প্রেসিডিয়াম সদস্য মোবারক হোসেন আজাদ, জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদা, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠান, জাতীয় মহানগর দক্ষিণের আহ্বায়ক শরফুদ্দিন আহমেদ শিপু, জাতীয় পার্টি জেপির যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ কামাল, পটুয়াখালী জেলা সিনিয়র সহ-সভাপতি মো. মিরাজুল হক মিন্টু, বরিশাল মহানগর সদস্য সচিব একেএম মোস্তফা প্রমুখ।