আ. লীগকে রাজনৈতিক দল হিসেবেও বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।
তিনি বলেন, "জুলাই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।"
পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জনগণকে জুলাইয়ের আদর্শ ও চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।