কথা বলছেন সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত
গণহত্যার বিচার কার্যক্রমের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জোটটি। একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসবের প্রতিবাদেই জোটের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, সীমান্তে প্রতিবেশী দেশের অস্ত্র মজুতের বিষয়েও ১১ দলীয় জোট উদ্বিগ্ন। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশ ইন ইস্যুতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ২৩ জুন ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত দল কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তা প্রতিহত করার দায়িত্ব সরকারের। কোনো রাজনৈতিক দলের নয়।
এ সময় তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে।