EN ☀️
×

Follow Us

রাজনীতি

যুক্তরাজ্যে পুলিশি ঝামেলায় হাসনাত আবদুল্লাহ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

যুক্তরাজ্যে পুলিশি ঝামেলায় হাসনাত আবদুল্লাহ
অ অ

যুক্তরাজ্য সফরে গিয়ে পুলিশি ঝামেলায় পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ক্যামব্রিজে তার সঙ্গীদের বিরুদ্ধে এক বাংলাদেশি ডেলিভারি ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠেছে।

জানা গেছে, শুক্রবার ক্যামব্রিজ শহরে এনসিপি নেতাদের আমন্ত্রণে বেড়াতে যান হাসনাত। গাড়ি নিয়ে বের হলে বাংলাদেশি এক ডেলিভারি ড্রাইভার হাসনাতের গাড়ির ছবি তোলেন। বিষয়টি হাসনাতের সঙ্গীদের নজরে এলে তারা ডেলিভারি ড্রাইভারকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। হাসনাতের উপস্থিতিতেই তার সঙ্গীরা ডেলিভারি ড্রাইভারকে বেধড়ক পিটুনি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ  ডেলিভারি ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তার অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে পুলিশ। তার জবানবন্দিতে হাসনাত আবদুল্লাহসহ অন্যদের নাম উঠে আসে। 

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির যুক্তরাজ্য এলায়েন্সের এক নেতা জানান, হাসনাত আবদুল্লাহকে ক্যামব্রিজ পার্ক সাইড পুলিশ স্টেশন থেকে স্বশরীরে উপস্থিত হয়ে স্টেটমেন্ট দিতে বলা হয়েছে। তিনি একজন আইনজীবী সঙ্গে নিয়ে স্টেটমেন্ট দিতে গেছেন।

এদিকে এনসিপির যুক্তরাজ্য এলায়েন্সের মেম্বার সেক্রেটারি এমএ হিমেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন