EN ☀️
×

Follow Us

রাজনীতি

আধিপত্যবাদের কাছে মাথা নত করলে সরকারকে ছেড়ে কথা বলব না: পরওয়ার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

আধিপত্যবাদের কাছে মাথা নত করলে সরকারকে ছেড়ে কথা বলব না: পরওয়ার
অ অ

কোনো ধরনের আধিপত্যবাদের কাছে দেশ মাথা নত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যথায় বর্তমান সরকারকেও ছেড়ে কথা বলা হবে না বলে সতর্ক করেন তিনি।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার তার বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই সরকার দ্রুত কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে। এখান থেকে লাগাম টেনে গণভোটের রায় কার্যকর করতে সরকারকে বাধ্য করতে হবে। নির্বাচনের চার মাস পার হলেও ক্ষমতাসীন দল জাতিকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখেনি। তারা এখন ১৮০ ডিগ্রি ঘুরে কথা উল্টে দিয়েছে।

জামায়াত নেতা উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টানা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক পদে দলীয়করণ বন্ধসহ ৮৬টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে তারা একমত হয়েছিলেন। এর মধ্যে প্রায় ৪০টি প্রস্তাব ছিল সাংবিধানিক। গণভোটের চারটি প্রশ্নে দেশের ৭০ ভাগ মানুষ ভোট দিয়ে এই সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। অথচ বর্তমান প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী এখন এই গণভোটকে সংবিধান বিরোধী বলছেন। অথচ তারা নিজেরাও একসময় এই ‘হ্যাঁ’ ভোটে ভোট দিয়েছিলেন।

খুলনার স্থানীয় পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে খুন, ধর্ষণ, লুটপাট, মসজিদে হত্যাকাণ্ড ও চাঁদাবাজির মাধ্যমে এক সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এতে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। সমাবেশে আসার পথে হামলার নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বাগেরহাট থেকে আসার পথে তাঁদের কিছু কর্মীর ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। এতে অসংখ্য লোক আহত হয়েছেন এবং দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খুলনার এই বিশাল বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অনেকে।

আরও পড়ুন