EN ☀️
×

Follow Us

রাজনীতি

সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগের মাধ্যমে সরকার উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:০২ পিএম

সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে: বিরোধীদলীয় নেতা

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াত আয়োজিত এক কর্মিসভায় বক্তব্য দেন জামায়াত আমির।

অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ড. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের বসানোর মাধ্যমে সরকার উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার পরিবর্তে দলীয়করণ করা হচ্ছে।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, শহীদদের আত্মত্যাগের ফলেই ২০২৬ সালের নির্বাচন সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ সরকারি ও বিরোধী দলে অবস্থান করছি। তাদের অবদান কেউ যেন খাটো করে না দেখে।’

ড. শফিকুর রহমান ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নানা অনিয়ম, সন্ত্রাস ও নির্বাচন প্রকৌশল প্রয়োগ করা হয়েছে।

তার ভাষায়, ‘ভোট গণনা পুরোপুরি সুষ্ঠু হলে ১১ দলীয় জোট আরও কয়েকটি আসনে বিজয়ী হতে পারত।’

গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। জনগণের সেই রায় বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ‘সময় থাকতে জনগণের সিদ্ধান্ত মেনে নিন, অন্যথায় জনগণই জবাব দেবে।’

সরকার দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। তিনি দাবি করেন, এসব অপরাধ আগের তুলনায় আরও বেড়েছে।

নারায়ণগঞ্জের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একসময় নারায়ণগঞ্জ ছিল প্রাচ্যের ড্যান্ডি। আমরা চাই না এই শহর আবার সন্ত্রাস ও চাঁদাবাজদের দখলে চলে যাক।’

স্থানীয় ব্যবসায়ীদের উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

তিনি বলেন, ‘ভালো মানুষ ছাড়া ভালো নগর গড়া সম্ভব নয়। আল্লাহভীরু, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই নিরাপদ ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।’

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, অনির্বাচিত প্রশাসকদের পরিবর্তে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে।

সভায় তিনি আগামী সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারের নাম ঘোষণা করেন। পাশাপাশি নগরীর ২৭টি ওয়ার্ডে দলীয় প্রার্থী দেওয়ার কথাও জানান।

কর্মিসভায় মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন