EN ☀️
×

Follow Us

রাজনীতি

প্রবাসীদের সুরক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জামায়াত আমিরের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:২৬ পিএম

প্রবাসীদের সুরক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অ অ

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের অধিকার সুরক্ষায় একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি, ফলে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

মঙ্গলবার (১৬ জুন) এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশে প্রকৃত কোনো বিরোধী দল ছিল না। বরং সরকারি দলের অনুগত শক্তিই নামমাত্র বিরোধী দলের ভূমিকা পালন করেছে।

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী কখনো এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি আপসহীন অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

বক্তব্যে দেশের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত প্রবাসীদের নানা সংকটের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, প্রবাসীদের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে অতীতে সংসদে নোটিশ দেওয়া হলেও সেগুলো বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিষয়গুলো কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

তিনি বলেন, প্রবাসীদের সুরক্ষায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হলে তারা সরাসরি উপকৃত হতেন এবং দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান সম্ভব হতো। কিন্তু দুঃখজনকভাবে সেই উদ্যোগ এখনো বাস্তবায়িত হয়নি।

বর্তমান সংসদীয় ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, সংসদে কোনো প্রস্তাব উত্থাপনের আগেই তা সমর্থনের জন্য সরকারি দলের সংসদ সদস্যদের এক ধরনের নির্দেশনা দেওয়া হয়। ফলে গঠনমূলক আলোচনা ও সমালোচনার সুযোগ কমে যাচ্ছে।

ডা. শফিকুর রহমানের মতে, সরকারের প্রস্তাবগুলো নিয়ে যথাযথ আলোচনা ও বিশ্লেষণ ছাড়া শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয়। তিনি সংসদকে আরও কার্যকর ও জনমুখী করার আহ্বান জানান।

আরও পড়ুন