EN ☀️
×

Follow Us

রাজনীতি

তারেক রহমানের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল: হুইপ নুরুদ্দিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:০৫ পিএম

তারেক রহমানের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল: হুইপ নুরুদ্দিন
অ অ

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিগত ১৭ বছর তারেক রহমানের আহ্বানে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সময়ে গুমের শিকার ছাত্রনেতাদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গুম থেকে প্রত্যাবর্তন: স্মৃতি, সংগ্রাম ও প্রেরণায় আনিসুর রহমান তালুকদার খোকনের ফিরে আসা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

হুইপ নুরুউদ্দিন অপু বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি ও তারেক রহমানের আহ্বানে সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে অংশ নেয়। তিনি দাবি করেন, ওই আন্দোলনই শেষ পর্যন্ত সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও পুরান ঢাকার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এসব অবদান ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন হওয়া উচিত।

তিনি নিজের গুমের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি ও তাঁর সহযোদ্ধা জনি তিন মাস ১৭ দিন গুম অবস্থায় ছিলেন। এ সময় তিনি আন্দোলনে নিহত ও নিখোঁজ নেতাকর্মীদের স্মরণ করেন এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সভাপতির বক্তব্যে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিগত সময়ে ছাত্রদলের বহু নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। নিখোঁজ নেতাদের স্মরণে এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

আলোচনা সভা শেষে গুমের শিকার ছাত্রনেতাদের স্মরণে ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন