EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ
অ অ

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগর ভবন, কৈলাশরঞ্জন স্কুল মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেসক্লাব, জীবন বীমা মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল এবং প্রচার ও মিডিয়া সম্পাদক কাউসার আলী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বক্তারা দাবি করেন, সরকার একদিকে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করছে, অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তারা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য স্থিতিশীল রাখা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ থেকে দ্রুত মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন নেতারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলটির নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন।

আরও পড়ুন