EN ☀️
×

Follow Us

রাজনীতি

আল্লাহ যাকে যে অবস্থানে রাখেন, তাতেই কল্যাণ নিহিত থাকে: জামায়াত আমির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:০৭ পিএম

আল্লাহ যাকে যে অবস্থানে রাখেন, তাতেই কল্যাণ নিহিত থাকে: জামায়াত আমির
অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে দলের আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। মানুষের দায়িত্ব হলো আন্তরিকতার সঙ্গে দ্বীনের জন্য কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আলফালাহ মিলনায়তনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দায়িত্বশীল নেতৃবৃন্দের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন কখনো ঈমান ও কাজের স্পৃহাকে দুর্বল না করে। তিনি দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি । তিনি ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, তাকওয়া, সাংগঠনিক দক্ষতা ও আত্মগঠনের কাজে আরও সক্রিয় হতে হবে।

শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, একজন মুমিনের পুরো জীবনই আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া উচিত। শুধু নামাজ বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না থেকে চিন্তা, কর্ম, দায়িত্ব ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করাই প্রকৃত দ্বীনদারির পরিচয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের সব জেলা থেকে বাছাইকৃত জনশক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ শিক্ষা শিবির আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

আরও পড়ুন