রাজশাহীতে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ ১৬ মে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:৪৯ পিএম
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী শনিবার (১৬ মে) রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী শনিবার দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশটি শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিরোধী দলের সংসদ সদস্যরা এতে বক্তব্য রাখবেন।
আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।