উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১০ মে) দলের বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থীর মধ্যে ৫০ জন উপজেলা চেয়ারম্যান ও ৫০ জন পৌরসভার মেয়র প্রার্থী রয়েছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ সময় কমিপির চেয়ারম্যান সারজিস আলম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশ করার আহ্বান জানান।
আওয়ামী লীগ-বিএনপি থেকে এনসিপিতে আসা নেতাকর্মীদের প্রার্থী করা হয়েছে কি না, করলে সেই সংখ্যাটা কত? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, পূর্বে বিএনপি-জামায়াত করেছে এমন নেতা আছে, আবার কেউ কখনও রাজনীতি করেনি তারাও স্থান পেয়েছে। কিংবা ধরেন আজ থেকে পাঁচ-সাত বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করতো পরে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, রাজনৈতিকভাবে নিষ্কৃয় হয়ে গিয়েছিল সেরকম কিছু মানুষ যারা পরবর্তীতে জুলাইয়ের পক্ষে ছিল তারা মনে করে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এরকম কিছু পদপ্রার্থীরাও এখানে এসেছে।
তিনি বলেন, সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দল থেকে যাচাই-বাছাই করে যাদেরকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য, আমরা তাদের প্রার্থী করেছি।
জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে প্রস্তুতি নিচ্ছে। কারণ সব উপজেলায় ১১ দল মিলে একজন প্রার্থী সিলেক্ট করা কষ্টকর। আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এরপরও যদি জোট হয় তাহলে সেটি সেসময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
