EN ☀️
×

Follow Us

রাজনীতি

কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যায় গভীর উদ্বেগ জামায়াতের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৩১ পিএম

কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন হত্যায় গভীর উদ্বেগ জামায়াতের
অ অ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি বলেন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়াটিয়া ফোরকান মিয়ার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনাকে তিনি অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী বলে উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা দেশের জননিরাপত্তা কতটা হুমকির মুখে রয়েছে, তারই প্রতিফলন।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাদের এই কঠিন শোক ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।

আরও পড়ুন