নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে: শহীদ মেহেরুন নেসার বাবা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পিএম
‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, কোনো স্বৈরাচারী কায়দায় চলবে না’ বলে মন্তব্য করেছেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেরুন নেসার বাবা মোশারফ হোসাইন। তিনি বলেন, ‘যদি শহীদদের দাবি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা না হয়, তবে ১১-দলীয় জোটের ডাকে মানুষ আবাবিল পাখির মতো রাজপথে নেমে আসবে।’
শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নে বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
শহীদ মেহেরুন নেসার বাবা বলেন, ‘গতরাতেও আমি আমার মেয়ের জন্য কেঁদেছি। আমরা কী হারিয়েছি, তা শুধু আমরাই বুঝি। আন্দোলনে যাদের চোখ নেই, হাত নেই কিংবা পা নেই—তাদের দিকে তাকাতে পারি না।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি জটিলতা তৈরি করবেন না। আপনি জুলাই সনদ বাস্তবায়নের যে ওয়াদা করেছেন, তা অবিলম্বে পূরণ করুন। আপনার মাকে আমরা শ্রদ্ধা করি। হাসিনা ক্ষমতায় থাকলে আপনার মায়ের জানাজা তো দূরের কথা, দেশে কবরও দিতে দিত না। আপনার বাবার কবরও হয়তো রক্ষা পেত না। আজ আমাদের সন্তানদের আত্মত্যাগের কারণেই আপনারা দেশে আসতে পেরেছেন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাদের আত্মত্যাগকে খাটো করে দেখবেন না। আপনাকে ভালোবাসি বলেই বলছি, দেশটা ভালোভাবে চালান। স্বৈরাচারী হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। একবার রাজপথে নামলে আমরা কয়জন মরব তা ভাবব না, কিন্তু আপনারা পালানোর জায়গা পাবেন না। তাই অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের দাবি বাস্তবায়ন করুন।’
জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে হাত হারানো তুহিন ফরাজি বলেন, সরকারকে বলবো গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী আপনি নিজেই তো গণভোটে ‘হ্যাঁ’ দিতে বলেছিলেন তাহলে কেন আপনি এটা বাস্তবায়নের জন্য গড়িমসি করছেন।
অনুষ্ঠানে শহীদ ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন বলেন, আমরা সন্তান হারিয়ে মোটেও বিচলিত নই। আমাদের সন্তানেরা যেমন পুলিশের গুলির মুখে বুক পেতে দিতে ভয় করেনি ঠিক সেভাবেইে আমরাও কাউকে ভয় করি না। তাই অবিলম্বে টালবাহানা না করে জুলাই সনদ ও গণভোটের দাবি বাস্তবায়ন করুন।