EN ☀️
×

Follow Us

রাজনীতি

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই নেতাকে বহিষ্কার করল বিএনপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই নেতাকে বহিষ্কার করল বিএনপি
অ অ

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অফিস কক্ষে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপির নেতা আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। তারা আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয়-ব্যয়ের হিসাব জানতে চান। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরার গায়ে হাত তোলেন। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এ সময় তারা অফিস কক্ষ ভাঙচুর করেন।

আরও পড়ুন