জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ জামায়াতের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার (১৯ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘‘সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে। আমি সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।’’
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়বে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় অপরিবর্তিত থাকলেও ব্যয় বহুগুণে বেড়ে যাবে, ফলে জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হয়ে মূল্যস্ফীতি বাড়াবে। একই সঙ্গে কৃষি খাতেও চাপ সৃষ্টি হবে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তিনি বলেন, ‘‘এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিবে।”
শেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা উচিত।