EN ☀️
×

Follow Us

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই: গোলাম পরওয়ার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

অ অ

গণভোটের রায় বাস্তবায়ন করে ‘জুলাই সনদ’কে সংবিধানের অংশ করার দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনগণের দেওয়া গণরায় বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত এক বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টি ও জাগপাসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণ রাষ্ট্রব্যবস্থার সংস্কার, দলীয়করণ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থার পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল একটি নতুন রাষ্ট্রকাঠামোর মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতির পথ সুগম হবে। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য থেকে সরকার সরে এসেছে বলে মনে হচ্ছে।

জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। ব্যাংক খাত, প্রশাসন ও জ্বালানি ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘গণভোটের যে গণরায়, সেটি বাস্তবায়নই আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

তিনি জানান, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে—১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল, ২৫ এপ্রিল মহানগরগুলোতে এবং ২ মে জেলা পর্যায়ে গণমিছিল। পাশাপাশি ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে।

পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জনসভা এবং দাবি বাস্তবায়ন না হলে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন