EN ☀️
×

Follow Us

রাজনীতি

মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ, বাইরে উত্তেজনা

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ এএম

মনজুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ, বাইরে উত্তেজনা

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র মনজুর আলমের বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর উপস্থিতিকে কেন্দ্র করে নগরীতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উত্তর কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আকস্মিক এ সাক্ষাৎকে ঘিরে বাসার বাইরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং উপস্থিত জনতার তোপের মুখে সাময়িক উত্তেজনা বিরাজ করে। তবে পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মনজুর আলমের বাসার সামনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কয়েকজন অবস্থান করছেন। এ সময় একজন তাকে প্রশ্ন করেন, কেন তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তির বাসায় এসেছেন, সে বিষয়ে ব্যাখ্যা চান।

এদিকে, এনসিপি নেতারা জানিয়েছেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তারা দাবি করেন, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিষয়ে এনসিপি নেতা আরিফ মাইনুদ্দিন বলেন, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সফরে চট্টগ্রামে এসে মনজুর আলমের আমন্ত্রণে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনজুর আলম এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে।

আরও পড়ুন