বগুড়া-শেরপুরে উপনির্বাচন
ফলাফল শিটে সই নিয়ে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: পরওয়ার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়া ও শেরপুর উপনির্বাচনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে তিনি দুটি আসনের নির্বাচনী পরিস্থিতির ওপর তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
নির্বাচনী অনিয়ম ও কারচুপির অভিযোগ তিনি অভিযোগ করেন, একটি নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত এই উপনির্বাচনে ভোট কারচুপি, জালভোট প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো আপত্তিকর ঘটনা ঘটছে। বিশেষ করে বগুড়ার মাওতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শেষ হওয়ার আগেই প্রিজাইডিং অফিসার জোরপূর্বক এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।
জামায়াত নেতার দাবি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে তাদের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মাসুদুর রহমানের এজেন্টদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থীর সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে তান্ডব চালাচ্ছে এবং নারী ভোটারদের লাঞ্ছিত করে কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীকে বারবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর গঠিত সরকারের অধীনে যদি এই চিত্র হয়, তবে ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব?
নির্বাচন কমিশনের প্রতি দাবি জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে যেন— যেসব কেন্দ্রে অনিয়ম ও জালভোট হয়েছে, সেগুলোর ভোটগ্রহণ অবিলম্বে স্থগিত করা হয়। আইন লঙ্ঘনকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে ভোটার ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের ভোট দেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়লেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে জনগণ এই একতরফা নির্বাচনের ফলাফল মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।