সংসদে মানুষের কষ্টের প্রতিফলন নেই: আনিসুল ইসলাম মাহমুদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রধান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, নবনির্বাচিত সংসদে সাধারণ মানুষের দৈনন্দিন কষ্ট ও বাস্তব সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে না।
তিনি বলেন, “সংসদে এখন জুলাই, গণভোটসহ নানা ইস্যু নিয়ে সময় ব্যয় করা হচ্ছে, অথচ মানুষের নিত্যপ্রয়োজনীয় বিষয়—যেমন জ্বালানির দাম—নিয়ে কথা বলা উচিত।”
রবিবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ও এনডিএফ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের কোনো আইনি ভিত্তি নেই—এ কথা তাদের দল আগেই বলেছে। তিনি মনে করেন, সংসদের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।
বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “বিশ্বব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমরা সরকারকে সময় দিতে চাই এবং পূর্ণ সহযোগিতা করতে আগ্রহী।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ও এনডিএফের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন, অনেক সময় ক্ষমতায় গেলে নেতারা অতীত ভুলে যান, তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
তিনি বলেন, “সরকারপ্রধান হয়েও তিনি সাধারণ জীবনযাপন করছেন, যা প্রশংসনীয়। সরকারের দেড় মাসের কার্যক্রমও ইতিবাচক বলে মনে হয়েছে।”
রুহুল আমিন হাওলাদার বলেন, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানান এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে চান।
তিনি অতীত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বিগত সময়ের নানা অনিয়ম ও অপকর্মের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ সময় তিনি হামের টিকা সরবরাহে ঘাটতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
জ্বালানি সংকটের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি নাগরিকদের সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জেপি মহাসচিব শেখ মোহাম্মদ শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে জাতীয় পার্টি ও এনডিএফসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।