পরিকল্পনাহীন অনলাইন ক্লাস আত্মঘাতী হতে পারে: গোলাম পরওয়ার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত
দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এ সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত ৩১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ঢাকাসহ সব মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অনভিপ্রেত। জ্বালানি সংকটের অজুহাতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর অনলাইন শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অনলাইননির্ভর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের জন্য বহুমুখী ক্ষতির কারণ হতে পারে। উচ্চ ইন্টারনেট ব্যয়ের কারণে দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে। পাশাপাশি স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মধ্যে আসক্তি ও নৈতিক অবক্ষয়ের আশঙ্কাও রয়েছে। শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান ব্যাহত হলে নিয়মিত পড়াশোনার অভ্যাস ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।
কোভিড-১৯ মহামারির সময় অনলাইন শিক্ষার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, সে সময় শিক্ষার্থীদের শেখার ঘাটতি বেড়েছে এবং ঝরে পড়ার হারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে যখন কার্যকর সংস্কার জরুরি, তখন পুনরায় অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত কোনো সুফল বয়ে আনবে না। জ্বালানি সংকটের দায় শিক্ষার্থীদের ওপর চাপানো সমুচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
সরকারকে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়মিত সশরীরে পাঠদান নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।