EN ☀️
×

Follow Us

রাজনীতি

ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বড় লক্ষ্যই অর্জন করা সম্ভব, স্বাধীনতা দিবসে জাইমা রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:৩১ এএম

ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বড় লক্ষ্যই অর্জন করা সম্ভব, স্বাধীনতা দিবসে জাইমা রহমান

ছবি: সংগৃহীত

অ অ

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বড় লক্ষ্যই অর্জন করা সম্ভব।’ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই এর শ্রেষ্ঠ উদাহরণ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন—

“বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলোর প্রতি আমার সবসময় একটু বেশিই আগ্রহ কাজ করে। ইতিহাস থেকে আমি অনেক কিছুই শিখেছি। এরমধ্যে, একটি প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরতে চাই।

কেস ইন পয়েন্ট: ২৬ মার্চ, ১৯৭১।

রাতের আঁধারে হানাদার বাহিনীর ব্যাপক গণহত্যা, নারী নির্যাতন, যৌন সহিংসতা এবং পুরো জাতির ভবিষ্যৎকে টার্গেট করে ভয়াবহ পরিকল্পিত অভিযানের পর বাংলাদেশীদের হয়তো ভেঙে পড়ার কথা ছিল। কিন্তু না, বাংলাদেশীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা অর্জনের অদম্য বাসনা অক্ষুন্ন ছিল।

সাধারণ জনতা—ছাত্র, শ্রমিক, গৃহিণী, কৃষক—সবারই লক্ষ্য ছিল স্বাধীনতার জন্য যুদ্ধ করা। বেঁচে থাকার কোনো নিশ্চয়তা ছিল না; ছিল কেবল দৃঢ় বিশ্বাস যে, তাদের সংস্কৃতি, ভাষা এবং দেশের তরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের যোগ্য তারা।

আজ আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি তা সেই সঠিক সিদ্ধান্তেরই প্রতিফলন।

আমাদের মুক্তিসংগ্রামের ইতিহাসের সেই বীরসেনানীগণ কোনো দূরবর্তী ব্যক্তি নন। তারা আমাদেরই কারো দাদা-দাদী, নানা-নানী, পরিবার, প্রতিবেশী, শিক্ষক—যারা জীবন্ত উদাহরণ হিসেবে প্রমাণ করেছেন কিভাবে নিজেদের বিশ্বাস ও আদর্শের দায়িত্ব গ্রহণ করে বিজয়ী হওয়া যায়।

ইতিহাস আমাদের শিখিয়েছে, ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বড় লক্ষ্যই অর্জন করা সম্ভব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এর শ্রেষ্ঠ উদাহরণ।

বর্তমানে আমরা হয়তো সেই যুদ্ধক্ষেত্রে নেই, কিন্তু দেশগঠনে আমাদের দায়িত্ব একই।

তাহলে আমরা আজ কীসের জন্য লড়াই করছি?

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীরদের আমরা কি একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে সম্মানিত করতে পারব না?”

আরও পড়ুন