ঈদযাত্রা নিয়ে কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিন: ইসলামী আন্দোলন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রায় প্রাণহানি ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, জীবিকার তাগিদে মানুষ ঢাকায় কষ্টকর জীবনযাপন করে। তাই ঈদের ছুটি পেলেই গ্রামের বাড়িতে ফেরার প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু এই সুযোগে এক শ্রেণির অসাধু চক্র সিন্ডিকেট করে ভাড়া বাড়ায় এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
ইউনুস আহমদ অভিযোগ করেন, নতুন সরকারের সড়ক যোগাযোগমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরও ঈদযাত্রায় নাগরিক ভোগান্তি কমেনি। বরং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটেছে। তিনি বলেন, কথার ফুলঝুরি ও বাগাড়ম্বর না করে সমস্যার সঠিক চিহ্নিতকরণ ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, ঈদের আগে বাড়ি ফেরা এবং ঈদের পর কর্মস্থলে ফিরে আসা—দুই অংশ মিলেই ঈদযাত্রা। প্রথম ধাপে মানুষ পর্যায়ক্রমে ঢাকা ছেড়েছে, তবে ফিরতি যাত্রায় একসঙ্গে চাপ বাড়বে। তাই এই চাপ সামাল দিতে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।