সংবিধান সংস্কার পরিষদের সভা না হওয়ায় ব্যাখ্যা চান জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি সংসদের দৃষ্টি আকর্ষণ করে এ প্রশ্ন তোলেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন—সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি সংসদের দৃষ্টি আকর্ষণ করে এ প্রশ্ন তোলেন।
রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হওয়া জুলাই সনদ ও গণভোটের আদেশের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেভাবে সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে, ঠিক একই পদ্ধতিতে সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা করা হয়নি। কেন তা করা হয়নি, সে বিষয়ে সরকারের ব্যাখ্যা চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান পরিবর্তনের জন্য রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। ফলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটি আদৌ আইন নাকি শুধু একটি নির্দেশনা—এ নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানে উল্লেখ নেই—এমন কোনো বিষয়ে সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী পরামর্শ দিতে পারেন না। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট সংক্রান্ত কয়েকটি বিষয় ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ এমন কোনো আইন পাস করতে পারে না, যা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি জানান, জুলাই সনদ মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যার ওপর জনগণের মতামত নেওয়ার জন্য গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে গণভোটের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে।
সবকিছু বিবেচনায় নিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি কার্যকর করতে হলে আগে সংবিধান সংশোধনের মাধ্যমে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরই এ বিষয়ে সংসদে আলোচনা হতে পারে।