রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে কার্যক্রম এগিয়ে নেয়া হবে: এমপি বেলাল
এমপি বেলাল বলেন, ‘ জনগণের সহযোগিতায় রংপুর সদরকে একটি সম্মৃদ্ধ জনপদে রুপান্তরিত করার চেস্টা করবো।
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত
রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়া হবে বলে মন্তব্য করেছেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।
শনিবার (৭ মার্চ) সন্ধায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ন্যাশনাল ডক্টরস ফোমার-এনডিএফ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মেডিকেল কলেজ এনডিএফ সভাপতি ডা. আতিকুজ্জামানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াত আমীর এটিএম আজম খান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, এনডিএফ এর রংপুর বিভাগীয় সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহার আলী শাহ প্রমুখ।
এমপি বেলাল বলেন, ‘ জনগণের সহযোগিতায় রংপুর সদরকে একটি সম্মৃদ্ধ জনপদে রুপান্তরিত করার চেস্টা করবো। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর ডিভিশন তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন সেবা হিসেবে গড়ে তোলা হবে।
এমপি বেলাল বলেন, ‘রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষক, শিক্ষার্থী তথা রংপুর বিভাগ বাসিকে সাথে নিয়ে এই দাবি আদায় করা আমার অন্যতম অ্যাজেন্ডা।’
রংপুর হবে বাংলাদেশের অন্যতম স্বাস্থ্য সেবার নগরী। সরকার এবং বেসরকারি সব হাসপাতালকে এজন্য নিয়মতান্ত্রিকভাবে অপেক্ষাকৃত কম খরচে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি।
পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রংপুর মহানগরীর জ্যেষ্ঠ ও তরুণ চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, বিশিষ্ট ব্যাক্তিবর্গরা অংশ নেন।