শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব: জামায়াত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, একটি পরিবারের আদরের সন্তানকে এভাবে হারানোর বেদনা ভাষায় প্রকাশের অতীত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহত শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করেন তিনি।
অ্যাডভোকেট জুবায়ের অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, দেশের শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থতা সমাজে অরাজকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। তাই অপরাধ দমনে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
-699ff04527b94.jpg)