EN ☀️
×

Follow Us

রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ায় মান্নাসহ ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ায় মান্নাসহ ২০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাসহ মোট ২০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ অর্জনে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তারা জামানতের অর্থ ফেরত পাচ্ছেন না।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় বিভিন্ন দলের এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭৬ হাজার ৬১৪ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩৫ হাজার ১৫৪। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ বি এম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের মো. আসাদুল হক এবং গণফোরামের মো. জুলফিকার আলী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ১১৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন এবং প্রদত্ত ভোট ২ লাখ ৪৮ হাজার ৪৯৩। এই আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্না, ইসলামী আন্দোলনের জামাল উদ্দীন, গণঅধিকার পরিষদের মো. সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এক অষ্টমাংশ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় জামানত হারান।

এছাড়া বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া), বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৫ (শেরপুর-ধুনট), বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনেও বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, নির্বাচনী আইনে প্রদত্ত মোট ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ ভোট না পেলে প্রার্থীর জামানতের অর্থ ফেরত দেওয়া হয় না। এবারের নির্বাচনে জেলার কয়েকটি আসনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের বাইরে অন্য প্রার্থীদের ভোটসংখ্যা তুলনামূলক কম হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন