‘টাফ কন্ডিশনে’ ঢাকা-৮, পূর্ণাঙ্গ ফলাফল পেতে লাগবে সময়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ এএম
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল রয়ে গেছে ‘টাফ কন্ডিশনে’। টানা উত্তেজনা ও জয়-পরাজয় নিয়ে নানা বিশ্লেষণের পরও এ আসনে কে জয়ী হবেন, তা বোঝা যাচ্ছে না।
আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। ধানের শীষ প্রতীকের এ প্রার্থীর নিকটতম অবস্থানে আছেন আলোচিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি পেয়েছেন ৫৪ হাজার ১২৭টি ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় সেগুনবাগিচায় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। কেন্দ্র আছে ১০৯টি।
এর মধ্যে ১০৮টির ফল ঘোষণা করা হয়েছে। একটি কেন্দ্র ও পোস্টাল ব্যালটের ভোট গণনার পর আসনটিতে কে জয়ী হয়েছেন, সে ফল পাওয়া যাবে।
এদিকে, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১১টা থেকেই সেগুনবাগিচা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের বিপুল সংখ্যক সমর্থক বিভাগীয় কমিশনার কার্যালয়ের চারপাশে জড়ো হতে থাকে।
উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মী-সমর্থকরাও। অপরদিকে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় বিপুল সংখ্যক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢাকা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো গোলযোগ হয়নি।