ভোটারদের আঙুলের কালি মুছতে বিশেষ ‘মেডিসিন’ আনছে জামায়াত: সাকি
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
নির্বাচনে কারচুপি করতে জামায়াতে ইসলামী নানা কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটারদের আঙুলের কালি মুছে ফেলে পুনরায় ভোট দেওয়ার সুযোগ করতে বিশেষ ‘মেডিসিন’ আনছে জামায়াত। এ ছাড়া অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া এবং কেন্দ্রে কৃত্রিম জটলা (মব) তৈরি করে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার পরিকল্পনা করছে দলটি।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর পৌর এলাকার আমেনা প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। জোনায়েদ সাকি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক লড়াইয়ের চেয়ে বর্তমানে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ ওপর প্রতিপক্ষের আস্থা বেশি দেখা যাচ্ছে।
তিনি বলেন, “জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের এই পরিকল্পনা এখন দেশজুড়ে স্পষ্ট। বাঞ্ছারামপুরেও এর লক্ষণ দেখা যাচ্ছে। জাল ভোট দিতে সহায়তার জন্য বিশেষ পোশাক ব্যবহারের পরিকল্পনাও করা হচ্ছে।”
ভোটার শনাক্তকরণের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা ধর্মীয় পোশাকের প্রতি সম্মান জানাই। কিন্তু ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন ভোটারের পরিচয় শনাক্ত করা যায়। কোনো বিশেষ পোশাক যেন জাল ভোট দেওয়ায় ঢাল হিসেবে ব্যবহৃত না হয়।’
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাকি বলেন, প্রশাসন যদি একটি বিশেষ দলের পক্ষে প্রভাবিত হয়, তবে অনেক অনিয়মই তাদের চোখে পড়বে না। কালো টাকার ছড়াছড়ি ও কেন্দ্র দখলের পরিকল্পনার বিষয়ে আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। তারা আশ্বস্ত করেছেন, তবে মাঠের চিত্র ভিন্ন।’