নীলফামারীতে জাতীয় পার্টির প্রার্থীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর
প্রার্থীর বহরে থাকা দুটি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রার্থীর বহরে থাকা দুটি গাড়ি ভাঙচুর ও পাঁচ নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জাপা প্রার্থী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর শহরের একটি হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিদ্দিকুল আলম। এর আগে, গত সোমবার রাতে শহরের বাবুপাড়া এলাকায় তার নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুল আলম অভিযোগ করে বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই আমার ওপর পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আমার দুটি গাড়ি ভাঙচুর করে এবং সঙ্গে থাকা পাঁচজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করে।
প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
জাপা প্রার্থীর দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল তাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে এবং সামাজিকভাবে হেনস্তা করতে এই অপতৎপরতা চালাচ্ছে। তিনি অনতিবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।