আমরা কখনো ক্ষমতার জন্য রাজনীতি করি না: চরমোনাই পীর
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আমরা কখনো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আদর্শ ও ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই রাজনীতি করি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, তিনি নিজে কোনো আসনে প্রার্থী হননি এবং দলটি দীর্ঘদিন ধরে আদর্শিক রাজনীতি করে আসছে। তিনি দাবি করেন, বহু চড়াই-উৎরাই পেরিয়ে এবারের নির্বাচনে তারাই ইসলাম ও শরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
দেশের নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া হয়েছে, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতীককে সমর্থন করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজ উদ্যোগ প্রয়োজন এবং আসন্ন নির্বাচনকে জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, অতীতের নির্বাচনগুলো মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং সঠিক নেতৃত্ব ও নীতির অভাবেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বক্তব্যে তিনি অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনাও করেন।
এ সময় বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধের মূল কারণ দূর করতে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে জেলেদের সমস্যা সমাধান, শিশুদের শিক্ষার উন্নয়ন, সড়ক অবকাঠামো সংস্কার এবং সর্বদলীয় উন্নয়ন কমিটি গঠনের মাধ্যমে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
জনসভায় দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
