EN ☀️
×

Follow Us

রাজনীতি

১৬ বছরের দুর্নীতি থেকে দেশকে বের করতে বিএনপিই যথেষ্ট: তারেক রহমান

বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে তাদের মধ্যে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে কেবল বিএনপির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

১৬ বছরের দুর্নীতি থেকে দেশকে বের করতে বিএনপিই যথেষ্ট: তারেক রহমান

ছবি সংগৃহীত

অ অ

গত ১৬ বছরে দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তা থেকে দেশকে মুক্ত করতে বিএনপিই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বিএনপির সেই অভিজ্ঞতা আছে। ২০০১ সালে বিএনপি যখন সরকার গঠন করেছিল, তখন দেশের গায়ে দুর্নীতির তকমা ছিল। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় বিএনপি দেশকে সেই দুর্নীতির অপবাদ থেকে বের করে আনতে সক্ষম হয়েছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, এই দেশে যে দুর্নীতি আমরা গত ১৬ বছর ধরে দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে।

তিনি বলেন, খালেদা জিয়ার সরকারের সময় যে দুর্নীতি দমন কমিশন করা হয়েছিল, সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যেকোনো ব্যক্তির দুর্নীতির তদন্ত তারা স্বাধীনভাবে করতে পারত। তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই বিএনপি সরকার দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন করে দিয়েছিল।    

‘দেশ স্বাধীন হওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, এখানে বসে থাকা মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন। পরে জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয় তখন কীভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন হয়েছে। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন তখন চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন মা-বোনরা যেকোনো সময় নিরাপদে রাস্তায় হাঁটা-চলা করতে পারতেন। ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারতেন।’

তারেক রহমান বলেন, ‘অর্থাৎ বিএনপির সেই অভিজ্ঞতা আছে কীভাবে দুর্নীতি থেকে দেশকে টেনে বের করে আনতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হয়, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়। তাই বলছি, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে।’

তিনি বলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে তাদের মধ্যে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে কেবল বিএনপির।

এসময় তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল সংস্কার ও নির্মাণ এবং জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

Recommended Stories

  • ঢাকা হবে নিরাপদ মহানগরী
  • আরও পড়ুন