মুঠোফোনে প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন আখতার হোসেন
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
ছবি: সংগৃহীত
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেছেন—তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে আখতার হোসেন উল্লেখ করেছেন, আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষ্যে সংসদীয় আসন নম্বর-২২, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চলানোর সময় অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে আমার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন করে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে কল কেটে দেওয়া হয়।
এই অবস্থায় ওই অপরিচিত মোবাইল ফোন নম্বরের ব্যক্তির দ্বারা আমার যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন। এমতাবস্থায় জিডিতে বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরিভুক্ত করতে পীরগাছা থানার অফিসার ইনচার্জ বরাবর আবেদন করা হয়েছে।
অপরদিকে, আখতার হোসেন শনিবার এক ভিডিও বার্তায় হুমকির বিষয়টি জানান। তিনি বলেন, ‘ভয় দেখিয়ে জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না।’