সুনামগঞ্জ-১ আসন
প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিলেন জামায়াত আমির
প্রাথমিকভাবে আমরা নেজামে ইসলাম পার্টিকে প্রার্থী হিসেবে বিবেচনা করেছিলাম। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার পর তারা আমাদেরকে এই আসনটি উপহার দিয়েছেন
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
সকল জল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ খানের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতীক হস্তান্তর করা হয়।
এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা নেজামে ইসলাম পার্টিকে প্রার্থী হিসেবে বিবেচনা করেছিলাম। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার পর তারা আমাদেরকে এই আসনটি উপহার দিয়েছেন।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা তাদের মর্যাদা বৃদ্ধি করুন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
ডা. শফিকুর রহমান জানান, সুনামগঞ্জ-১ আসনটি তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা—এই চারটি উপজেলা নিয়ে গঠিত। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত করে তোলে আলিয়া মাদ্রাসা মাঠ।