ফের সিলেট-ম্যানচেস্টার বিমানের সরাসরি ফ্লাইট চালু করা হবে: জামায়াত আমির
দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। আগে এখান থেকে ম্যানচেস্টারে বিমানের সরাসরি ফ্লাইট যেত। এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট চালুর পাশাপাশি নতুন রুট চালুর কথাও বলেন তিনি।
শনিবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা সামনে এগোতে চাই। আমরা চিংড়ি মাছের দৌড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌড়াতে চাই।’
তিনি বলেন, ‘গেল ৫৪ বছরে জুলুমের শিকার পরিণত হয়েছে অনেকে। সবচেয়ে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। গেল আওয়ামী সরকারের আমলে সবগুলো অফিস একসঙ্গে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। নেতাকর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছিল।’
জামায়াত আমির অভিযোগ করেন, ‘৫ আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি হিসেবে নাম দিয়ে মামলা বাণিজ্য করেছে।’
সিলেটবাসীর নানা সমস্যার কথাও তুলে ধরেন জামায়াত আমির। বলেন, ‘এখানকার মানুষের সুপেয় পানি পাওয়া আলাদিনের চেরাগের মতো।’
তিনি বলেন, ‘এই অঞ্চল খনিজসম্পদে ভরপুর। কিন্তু সেটার ন্যায্য হিস্যা মানুষ পায় না। এখানকার নদীগুলোকে শুকিয়ে হত্যা করে কঙ্কাল ও মরুভূমি বানানো হয়েছে। সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনও সব জায়গায় পাওয়া যায় না।’