লক্ষ্মীপুর-১ রামগঞ্জ
ছেলের মার্কা শাপলা কলি, বাবার প্রচারণা ধানের শীষ
আজিজুর রহমান বলেন, পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শের জায়গা
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
একই পরিবার, কিন্তু নির্বাচনী মাঠে ভিন্ন অবস্থান। ছেলে প্রার্থী ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা কলি। আর বাবা প্রকাশ্যে ভোট চাইছেন বিএনপির প্রতীক ধানের শীষ প্রার্থীর পক্ষে। এ নিয়ে সাধারণ ভোটারদের মাঝেও দেখা দিয়েছে নানা মিশ্র প্রতিক্রিয়া।
নির্বাচন মানেই শুধু প্রার্থী আর প্রতীক নয়, নির্বাচন কখনো কখনো ভেঙে দেয় পারিবারিক সমীকরণও। লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বাবার রাজনৈতিক অবস্থান আলোচনার কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনে ১১ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) শাপলা কলি প্রতীক প্রার্থী মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আর তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। নির্বাচনী মাঠে নিজ ছেলের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারনায় নেমেছেন তিনি।
ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন আজিজুর রহমান। এ সময় তিনি প্রকাশ্যেই ধানের শীষে ভোট চাওয়া অব্যাহত রেখেছেন। এই নিয়ে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ এলাকায় মানুষের মাঝে চলছে নানান আলোচনা-সমলোচনা।

আজিজুর রহমান বলেন, পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান বদলানো সম্ভব না। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি, কিন্তু ভোট চাইছি ধানের শীষের জন্য।
একই বাড়িতে দুই ভিন্ন রাজনৈতিক অবস্থান এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। অনেকে বলছেন, এটি রাজনীতিতে আদর্শের শক্ত অবস্থানের উদাহরণ। আবার কেউ কেউ দেখছেন পরিবারের ভেতরের এক নীরব দ্বন্দ্ব হিসেবে। যা সাধারণ ভোটারদের মাঝে তৈরি করেছেন নানা প্রতিক্রিয়া।
তবে এনসিপি প্রার্থী মাহবুব আলম বলেন, বাবা আদর্শিক কারণে ধানের শীষের প্রচার করছেন। তবে তিনি আশাবাদী, শেষ পর্যন্ত বাবা ছেলের পক্ষেই নির্বাচনে থাকবেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, এটা তাদের ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। ১৭ বছর বিএনপি এই স্বাধীনতার জন্যই লড়াই করেছে, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। তাদের এই গণতান্ত্রিক স্বাধীনতাকে আমরা সম্মান জানাই।
রক্তের সম্পর্ক না রাজনৈতিক আদর্শ? রামগঞ্জের এই নির্বাচনী গল্প সে প্রশ্নটাই সামনে এনেছে। ভোটের দিন শেষ পর্যন্ত ভোটাররা কোন প্রতীকে আস্থা রাখেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।