শিবগঞ্জে জামায়াতের ৩০ কর্মীর বিএনপিতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা বাজার প্রাঙ্গণে আয়োজিত একটি নির্বাচনী পথসভায় তারা বিএনপিতে যোগ দেন
ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতের ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়রারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা বাজার প্রাঙ্গণে আয়োজিত একটি নির্বাচনী পথসভায় তারা বিএনপিতে যোগ দেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এ সময় তিনি ফুল দিয়ে নবযোগদানকারীদের বরণ করেন।
পথসভায় বক্তব্যে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও জনসম্পৃক্ত রাজনৈতিক দল। তিনি নবযোগদানকারীদের অভিনন্দন জানান এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলায় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আম ফসলের উন্নয়ন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা এবং খেলাধুলার সুযোগ বৃদ্ধির মাধ্যমে এলাকাটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে আসগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ এবং ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ।
এ ছাড়া ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম (সফেদ ডাক্তার), সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।