তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক
প্রচারণায় শর্মিলা রহমান জনগণের ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে আগামীতে বিএনপি সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনেও প্রচারণা চালিয়েছেন তার ছোটোভাই, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
রবিবার (১ জানুয়ারি) বিকেলে কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উঠান বৈঠক করেন কোকো-পত্নী।
এ সময় বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান তিনি।
এ সময়ে তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে। পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন। তারেক রহমানের জন্য সবার নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এসময় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন- এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন সিঁথি।