EN ☀️
×

Follow Us

রাজনীতি

ইসলামে সব ধর্মের স্বাধীনতা রয়েছে, অপপ্রচারে কান দেবেন না: পরওয়ার

কসবায় ১১ দলীয় জোটের বিশাল জনসভায় ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার আহ্বান

ডেইলি সান রিপোর্ট,কসবা

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

ইসলামে সব ধর্মের স্বাধীনতা রয়েছে, অপপ্রচারে কান দেবেন না: পরওয়ার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ইসলামে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হবে বা বোরকা পরে বের হতে হবে- এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা তফজ্জল আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জোটের প্রার্থী মো. আতাউর রহমান সরকারের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ পিটিয়ে হত্যা করে, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মারে তাদের হাতে এ দেশের জান-মালের কোনো নিরাপত্তা নেই। অথচ তারা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা প্রত্যেকেই দুর্নীতি, দলীয়করণ ও দমন-পীড়নে জড়িত ছিল। কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং ইসলামী আন্দোলনের বহু নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামিসহ ছয়টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের এনসিপিসহ মোট ১১টি দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। 

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এ জোটের প্রার্থী মো. আতাউর রহমান সরকারের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, সরকার গঠন করতে পারলে ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালের উন্নয়ন, গ্যাস লাইন সম্প্রসারণসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করা হবে।

তিনি আরও বলেন, দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে রাজাকার, রগকাটা, গুপ্ত ও দেশবিরোধী আখ্যা দেওয়া হলেও শিক্ষার্থীরা সেই অপপ্রচার প্রত্যাখ্যান করে বিজয় এনে দিয়েছে।

এ বিজয় প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়। তাদের এ বিজয় আমাদের বার্তা দিয়েছে দাড়িপাল্লাকে বিজয় করে তুমরা বাংলাদেশকে বদলে দাও। লুটপাট, চাদাঁবাজকারীদেরকে রাজনীতির মাঠ থেকে বিতারিত করে দাও। তিনি ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফ্যাসীবাদ, চাদাঁমুক্ত ও রাষ্ট্রীয় সংস্কার চাইলে হ্যাঁ-তে ভোট দেওয়ার জন্যও তিনি জনগনকে আহ্বান জানান। 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

সমাবেশে বিপুলসংখ্যক নারী ভোটারসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

১১ দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী এবং সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, জেলা আমীর মোবারক হোসেন আখন্দ, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, এনসিপি নেতা মো. আতাউল্লাহ, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আমীর হারুন অর রশীদ, খেলাফত মজলিশের নির্বাহী সভাপতি মাওলানা ইউনুছ করিম বেলালী, এনসিপির আহ্বায়ক কাজী মোশাহেদ উল্লাহসহ জোট নেতৃবৃন্দ।

আরও পড়ুন