EN ☀️
×

Follow Us

রাজনীতি

নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে: মান্না

রাত সোয়া আটটায় বগুড়া প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে: মান্না
অ অ

নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে ভয় দেখিয়ে ও ষড়যন্ত্র করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে এবং তার দলের নেতাকর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সোয়া আটটায় বগুড়া প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, থানায় অভিযোগ জানাতে গেলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। বরং তারা বলছেন, ‘আপনাদের নিজেদের ব্যাপার, আপনারাই মিটিয়ে নিন’। এতে করে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ও এই নির্বাচন মানুষের মধ্যে নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি করেছে। কিন্তু তিনি যেখানে নির্বাচন করছেন, সেখানে যেন তিনি নির্বাচন করতে না পারেন—সে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। তিনি ঋণ খেলাপি নন দাবি করে বলেন, ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টাকা জমা দেওয়ার পরও তাকে ঋণ খেলাপি হিসেবে দেখানো হয়েছিল। পরে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান।

মান্না জানান, এক বছরে তিনি ব্যাংকে দুই কোটি টাকা পরিশোধ করেছেন, যেখানে মোট পাওনা ছিল আড়াই কোটি টাকা। এরপরও কেন তাকে ঋণ খেলাপি দেখানো হয়েছে, তা তার বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, যারা আগে মামলা বাণিজ্যে জড়িত ছিল, তারাই এখন ভয় দেখাচ্ছে।

তিনি আরও বলেন, আজ দেউলী ইউনিয়নে তার পক্ষে প্রচারণা চালানোর সময় একটি নারী সংগঠনের সদস্যদের ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের বগুড়া জেলা সমন্বয়ক রাজিয়া সুলতানা ইফা, নেতা মুশফিকুর রহমান আন্না, মশিউর রহমান পিয়াল, শাহিনুর আলম টিটু, এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন