ধানের শীষে ভোট দিলে বিএনপি একটি সম্প্রীতির বাংলাদেশ উপহার দেবে: প্রিন্স
ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে বিএনপি একটি সম্প্রীতিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের দল নয়; এটি সব ধর্ম ও বর্ণের মানুষের রাজনৈতিক সংগঠন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল বাজারে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি কখনোই হিন্দু সম্প্রদায়সহ কোনো ধর্মীয় গোষ্ঠীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি এবং ভবিষ্যতেও করবে না। বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না। সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
তিনি বলেন, বিএনপির নীতি হলো—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপি সব সময় দৃঢ় অবস্থানে রয়েছে।
সমাবেশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অরছনা রানী দাস, গৌরাঙ্গ চন্দ্র, নীলু রবি দাস ও রবীন্দ্র চন্দ্র বরমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে বাহিরশিমুল বাজারে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির এ যুগ্ম মহাসচিব। এ সময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজ পৃথকভাবে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
এছাড়া তিনি বিলডোরা ও কৈচাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা এবং উঠান বৈঠকে অংশ নেন।