একটি দল চক্রান্তের জাল বিস্তার করে নিজেরাই একা হয়ে গেছে: চরমোনাই পীর
ডেইলি সান রিপোর্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
চরমোনাই পীর, মুফতি রেজাউল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ-১, মুন্সিগঞ্জ-২, হাতপাখা প্রতীক, নির্বাচনী জনসভা, ওয়ান বক্স পলিসি, জুলাই গণ-অভ্যুত্থান, দুর্নীতি মুক্ত বাংলাদেশ
একটি দল চক্রান্তের জাল বিস্তার করে আমাদেরকে একা করতে চেয়েছিল। কিন্তু তারাই বস্তুত একা হয়ে গেছে বলে মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (২৪ জানুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও ছনবাড়ি বাজারে আয়োজিত মুন্সিগঞ্জ-১ ও ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তৃতায় পীর সাহেব চরমোনাই বলেন, ‘অস্পষ্ট নীতি-আদর্শে দেশ চলতে পারে না। আমরা ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসির কথা বলেছিল। সেই নীতি এখনও বিদ্যমান। একমাত্র আমরাই ইসলামের কথা বলছি। আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না। একটি দল চক্রান্তের জাল বিস্তার করে আমাদেরকে একা করতে চেয়েছিল। কিন্তু তারাই বস্তুত একা হয়ে গেছে। দেশের ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরাম আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সাথে আছে।’
তিনি আরও বলেন,‘আমরা ১৯৮৭ সাল থেকে মানুষের কল্যানে রাজনীতি করে যাচ্ছি। কোনো ধরনের লোভ-লালসার বশবর্তী হয়ে নীতি বিসর্জন দেই নাই। কিন্তু কেউ কেউ ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে নানারকম গোপন বৈঠক করছে। এসব করে কোন লাভ হবে না। এই রাষ্ট্র এই দেশের জনগণই গড়বে, অন্য কেউ নয়। তাই দেশের কল্যাণে চাইলে, দ্বীন প্রতিষ্ঠা করতে চাইলে এবং জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাইলে হাতপাখায় ভোট দিন।’
ইসলামী আন্দোলনের আমির বলেন,‘গত ৫৫ বছরে ব্যক্তি ও দলের উন্নয়ন হয়েছে, কিন্তু দেশ-জাতির কোন কল্যাণ হয় নাই। জুলাই গণ-অভ্যুত্থান দেশকে নতুন করে গড়ার একটি সুযোগ নিয়ে এসেছে। অতীতে দেশ পরিচালনায় বারংবার যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়ার সুযোগ নাই বরং নতুন বাংলাদেশ গড়তে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হাতপাখায় ভোট দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের টাকা কারো পকেটে যাবে না। দুর্নীতি হবে না। টাকা পাচার হবে না। সন্ত্রাস থাকবে না ইনশাল্লাহ।’
এদিকে মুন্সিগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং মুন্সিগঞ্জ-২ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি কে এম বিল্লাহ হোসেন।