ধোবাউড়ায় নির্বাচনি সমাবেশ
ধানের শীষে ভোট দিয়ে ‘নতুন ভোরের’ পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রিন্সের
ধোবাউড়ায় প্রিন্সের বিশাল নির্বাচনি সমাবেশ: ‘আলোকিত জনপদ’ গড়ার অঙ্গীকার
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থনে ধোবাউড়ায় এক বিশাল নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ‘নতুন ভোরের’ পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ভিশনারি নেতা তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ আমরা গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত ধোবাউড়া ও হালুয়াঘাটের দুঃখ মোচন করে আলোকিত ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলব।’
তিনি ধোবাউড়ায় পৌরসভা, কল-কারখানা স্থাপন, খাদ্য গুদাম, কোল্ড স্টোরেজ, নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ, প্রতি ইউনিয়নে মিনি হাসপাতাল, সীমান্তে বন্দর স্থাপন ও পর্যটন শিল্প তৈরির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এবং তিনি এমপি নির্বাচিত হলে, প্রান্তিক কৃষকদের ‘কৃষক কার্ড’- এর মাধ্যমে বছরে একটি ফসলের উৎপাদন খরচ বা উপকরণ বিনামূল্যে দেওয়া হবে। প্রতি পরিবারে গৃহকর্ত্রীর নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে খাদ্যদ্রব্য বা সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ৫০ ধরনের ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য ‘বেকার ভাতা’ চালু করা হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের বেতনের একাংশ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে।
সম্প্রতি ঘোষগাঁওয়ের এরশাদ বাজারে নজরুল ইসলাম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রিন্স এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার দাবি করেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বিএনপি থেকে বহিষ্কৃত এক স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা আমার নামে অশ্লীল ও উত্তেজনাকর স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। একই সঙ্গে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ধোবাউড়া বাজার প্রদক্ষিণ করে। সন্ধ্যায় প্রিন্স গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, ‘বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। সব নাগরিকের মর্যাদা রক্ষা করাই আমাদের রাজনীতি।’ তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এর আগে সকালে হালুয়াঘাটে তরুণদের নিয়ে ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামে একটি মিনি ম্যারাথনে অংশ নেন তিনি, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান, আব্দুল ওয়াহেদ তালুকদার, মাহবুবুল আলম, জাকিরুল ইসলাম টোটন, গাজিউর রহমান, আব্দুল মমিন শাহীন প্রমুখ।