EN ☀️
×

Follow Us

রাজনীতি

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

রাত ২টার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ এএম

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, সময় বলে দেবে খালেদা জিয়া সেই সংকট কতটা কাটিয়ে উঠবেন। তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন হাসপাতালে। তাঁর মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে যারা থাকেন, তারা পর্যবেক্ষণ করছেন।

এর আগে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। এদিকে, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

অন্যদিকে, রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো না থাকায় বিদেশ নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন