EN ☀️
×

Follow Us

রাজনীতি

ভোটার হতে নির্বাচন ভবনে তারেক রহমান

এর আগে তিনি ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

ভোটার হতে নির্বাচন ভবনে তারেক রহমান

ছবি: সংগৃহীত

অ অ

ভোটার তালিকায় নাম লেখাতে আগারগাঁওয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তার গাড়িবহর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পৌঁছায়।

এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’।

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যে-কোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে ২৯ ডিসেম্বর।

ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি। তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হয়েছেন।

বিএনপি নেতা তারেক রহমান নির্বাচন ভবনে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণে যান। সেখানে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি এবং কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাত করেন।

এরপর বেলা ১১টা ৪০ মিনিটে তার গাড়ি বহর জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ এলাকা ছেড়ে নির্বাচন ভবনের পথে রওনা হয়। ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরে তারেক রহমান ধানমন্ডিতে শ্বশুরবাড়ি যাবেন। বিকেলে সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

আগের দু-দিন তাকে বুলেট প্রুফ বাসে চড়তে দেখা গেলেও এদিন তিনি সাদা রঙের একটি এসইউভি ব্যবহার করছেন।

আরও পড়ুন