খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা অব্যাহত: ডা. জাহিদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
ছবি: সংগৃহীত
এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের কাছে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এ কথা জানান।
তিনি বলেন,‘কোনো গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আমরা বলতে চাই, ম্যাডাম নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একজন সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন,‘দেশের মানুষের উৎকণ্ঠা আছে, দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধাবোধ আছে, ভালোবাসা আছে এবং সত্যিকার অর্থে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায়। সেজন্যই আমরা আপনাদের সামনে এসেছি। কিন্তু মনে রাখতে হবে, সবার শেষে উনি একজন রোগী। উনার নিজস্ব কিছু এথিক্যাল রাইটসের প্রিভিলেজ আছে। ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসেবে সব কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া, এটি মেডিকেল সাইন্সে কোন অবস্থাতেই পারমিট করে না।’
ডা. জাহিদ বলেন,‘তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, উনাকে যে চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি আগের মতই আমাদের মেডিকেল সাইন্সের ভাষায় যদি বলি ‘শি ক্যান কন্টিনিউ অর ম্যানটেনিং হার ট্রিটমেন্ট। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। ’
গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশি চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা ভার্চুয়ালি যুক্ত থাকছেন। চীন ও ব্রিটেন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও ঢাকায় এসে বিএনপি চেয়ারপারসনকে দেখেছেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও ঢাকায় এসে খালেদা জিয়ার চিকিৎসা কাজ তদারকি করছেন।
জাহিদ বলেন, ‘দেশে বিদেশের চিকিৎসকদের পরামর্শক্রমে উনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সব সদস্যরাও আশাবাদী যে উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তীতে হয়ত উনাকে যে-কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। এখনো এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই। আল্লাহ রাব্বুল আলামীন কি ধরনের ব্যবস্থা উনার জন্য রেখেছেন সেটি আমাদের কারো ধরা-ছোঁয়ার মধ্যে পড়ে না। কাজেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মানুষের দোয়া, সব মানুষের প্রচেষ্টা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত চিকিৎসক, নার্সসহ সব পর্যায়ের চিকিৎসাকর্মীদের অব্যাহত প্রচেষ্টায় উনার চিকিৎসা চলছে। সকলে উনার সুস্থতার জন্য দোয়া করবেন।’