বেগম খালেদা জিয়া/ ছবি সংগৃহীত
বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে না। ফলে তার লন্ডনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় অবতরণ করছে না।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। ফলে পূর্বনির্ধারিত ফ্লাইটটি মঙ্গলবার আসছে না।
এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত ঢাকায় তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে।