বিবেকের তাড়নায় পদত্যাগ করলেন পাকিস্তানের এক বিচারপতি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম
পাকিস্তানের জ্যেষ্ঠ বিচারপতি মোহসিন কায়ানি। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিচার বিভাগে নির্বাহী ও সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং বিতর্কিত সংবিধান সংশোধনীর প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির অন্যতম পরিচিত ও জ্যেষ্ঠ বিচারপতি মোহসিন কায়ানি। বুধবার (২৯ অক্টোবর) এক আবেগঘন পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর ‘বিবেক’ আর তাঁকে বিচারকের আসনে থাকতে দিচ্ছে না।
পদত্যাগের পর তিনি আবারও আইন পেশায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিচারপতি কায়ানির এই পদত্যাগের মধ্য দিয়ে বিতর্কিত সাংবিধানিক সংশোধনীর পর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে পদ ছাড়া বিচারপতির সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট ও লাহোর হাইকোর্টের আরও তিন জ্যেষ্ঠ বিচারপতি পদত্যাগ করেছিলেন।
পদত্যাগপত্রে কায়ানি পাকিস্তানের ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর তীব্র সমালোচনা করেন। তাঁর মতে, এই পরিবর্তনের ফলে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক অখণ্ডতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার ভাষ্যে বিচারক নিয়োগ ও বদলিতে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে, যা বিচারপ্রক্রিয়ার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন করেছে।
এছাড়া আদালতের প্রশাসন কার্যত ‘এক ব্যক্তির শাসনে’ পরিণত হয়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
২০১৫ সাল থেকে ইসলামাবাদ হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা কায়ানিকে সম্প্রতি লাহোর হাইকোর্টে বদলি করা হলে জ্যেষ্ঠতার তালিকায় তিনি নিচে নেমে যান।
জ্যেষ্ঠ বিচারপতি হওয়া সত্ত্বেও তাঁকে কোনো ডিভিশন বেঞ্চে দায়িত্ব না দিয়ে কেবল একক বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়। এই আন্তঃহাইকোর্ট বদলির সিদ্ধান্তকে তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জও করেছিলেন।
বিচারপতি কায়ানি বিচার বিভাগে পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর হস্তক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। ২০২৪ সালের মার্চে যে ছয়জন বিচারপতি বিচারিক কাজে গোয়েন্দা সংস্থার চাপ ও নজরদারির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চিঠি পাঠিয়েছিলেন, কায়ানি ছিলেন তাঁদের অন্যতম।
এছাড়া জোরপূর্বক গুমের বিরুদ্ধে কঠোর আইনি সংস্কারের পক্ষেও তাঁর দৃঢ় অবস্থান ছিল।
২০২৪ ও ২০২৫ সালে পাস হওয়া বিতর্কিত ২৬তম ও ২৭তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ক্ষমতা সংকুচিত করে পৃথক ‘ফেডারেল সাংবিধানিক আদালত’ প্রতিষ্ঠা করা হয়।
এই বিচারবিভাগীয় সংকটের জের ধরেই শেষ পর্যন্ত পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এই বিচারক।